গোপালগঞ্জের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তবে এখনই অতিরিক্ত বল প্রয়োগ করতে চায় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরের চলে যাওয়ার মতো পরিস্থিতি হলে কঠোরভাবে দমনের বিষয়টিও ভাবা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও এসআরবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। ডিসি-এসপির পর গতকাল সোমবার তিনটি থানার ওসিকেও বদলি করা হয়েছে। এর পরের স্তরে যেসব কর্মকর্তা আছেন তাদেরও বদলি করার বিষয়টি প্রক্রিয়াধীন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর গতকাল খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে শপথ নেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে গতকাল গোপালগঞ্জ সফরে যান ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, রবিবারের ঘটনায় এখনো মামলা হয়নি। রাতে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে সংখ্যা বলেননি তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২ হাজার ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান ডিআইজি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্য সংখ্যা বাড়িয়েছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বল প্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না। আরো কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বল প্রয়োগ করবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রবিবারের সহিংসতার পর গতকাল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে। গতকাল সকাল থেকে সাঁজোয়া যান সজ্জিত গাড়ি নিয়ে জেলা জুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
গতকাল ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজকর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান ও যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকানপাট খুলেছে। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
টুঙ্গিপাড়ায় খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয় : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। গতকাল বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম স্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন।
সবর্েশষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।
ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি : পোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর গতকাল তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। তিন জনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তত্পর : ডিআইজি : গতকাল বিকাল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
তিনি বলেন, অন্য জেলা থেকে কেউ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে তত্পর রয়েছে। গোপালগঞ্জবাসীকে নিরাপদ রাখতেই পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।
আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ খুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আইনবহির্ভূত যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তত্পর রয়েছে। আইনবহির্ভূত যে কোনো বিষয়ে পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রাখবে।
