বৃহত্তর ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ইতালি শাখার উদ্যোগে আজ রোমের টিএমসি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ইতালি বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে মাহফিলটি সঞ্চালনা করেন ইতালি বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুল কবির, সহ-সভাপতি সৈয়দ মঈনুল আলম খোকন, রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা এবং ইতালি শ্রমিক দলের সাবেক সভাপতি আফছার উদ্দিন। ইমাম হাসান লিখন সাবেক সহ সভাপতি ইতালি যুবদল এ ছাড়া ইতালি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম সালাহউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মরহুম আলহাজ সালাহউদ্দিন আহমেদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে শারীরিকভাবে অসুস্থ হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত দলীয় সাংগঠনিক কর্মসূচিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের একজন সম্মুখসারির পথনির্দেশকও ছিলেন মরহুম আলহাজ সালাহউদ্দিন আহমেদ।
আমিনুর রহমান সালাম বলেন,দীর্ঘ রাজনৈতিক জীবনে সালাউদ্দিন আহমেদ রাজপথের আন্দোলন-সংগ্রামে এবং জনগণের অধিকার আদায়ে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা দলের নেতা-কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। বারবার মামলা হামলা জেল-জুলুমের শিকার হয়েও তিনি অসীম সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আমিনুর রহমান সালাম বলেন,ভারতে বসে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে, তারা কোনও রাজনৈতিক দল নয়। যারা গাড়িতে আগুন দিচ্ছে তারা সন্ত্রাসী বাহিনী, কোনও রাজনৈতিক দল নয়। তারা নিজের দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে। বাংলাদেশের মানুষ আবার ফ্যাসিবাদ চায় না। কিন্তু ফ্যাসিবাদী শক্তি জ্বালাও পোড়াও করে আবার ফিরতে চাইছে। অতীতের মতো এবারও দেশের মানুষ তাদের প্রতিহত করবে।
