বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন ধরে আটকে থাকায় খাবারের অর্থও প্রায় শেষ। কবে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেন্টমার্টিনে আটকা ছিলেন।
আটকে পড়া শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯ নভেম্বর ফেরার শিডিউলে তারা দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে যান। কিন্তু বৈরী আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপেই আটকে পড়েন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মাঝে একজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় প্রয়োজন উন্নত চিকিৎসার। কিন্তু দ্বীপে সেই ব্যবস্থা নেই। অন্যদিকে কয়েক দিন ধরে আটকে থাকায় খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে ফিরতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
আটকে পড়াদের মাঝে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী। শিক্ষার্থীদের মাঝে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েন।
বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে হঠাৎ বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধের খবর জানানো হয়। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন।
শিক্ষার্থী আহমদ বলেন, তাদের এক সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। অন্যদিকে খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। আগামী ১ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে ফরম পূরণ করতে হবে। পাশাপাশি অ্যাকাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় সেটিও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। শিক্ষার্থীদের আর্থিক সংকটের বিষয়টিও জানা গেছে। তাদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।
কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, তাদের বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থীও সেন্টমার্টিনে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
আটকে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগ।
