৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২০:৫৭

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের এ নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল পাঠ্যবই রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব উল্লেখ করে চিঠিতে বলা হয়, এ কার্যক্রম সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও সময়মতো সম্পন্ন করা জরুরি।

এ অবস্থায় বিনামূল্যের পাঠ্যবই বিতরণের কাজ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে এনসিটিবি। একই সঙ্গে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

 
ইত্তেফাক/এমএএম