নির্দোষ মানুষ আর কত যুদ্ধের বোঝা বহিবে?

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০

'আমরা যদি যুদ্ধ শেষ না করি, যুদ্ধই আমাদের শেষ করিয়া দিবে'-ইংরেজ লেখক এইচ জি ওয়েলসের এই সতর্কবাণী আজিকার যুদ্ধবিক্ষুব্ধ বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক হইয়া উঠিয়াছে। বিশেষ করিয়া বলিতে হয় ইউক্রেন যুদ্ধের কথা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাত চার বৎসরেও থামানো যায় নাই। বরং হামলা, পালটা হামলা এবং অস্ত্রের তীব্র প্রতিযোগিতায় ইহা ক্রমেই দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ ধারণ করিতেছে। এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে ভয়াবহ পর্যায়ে পৌঁছাইয়াছে; লাগাম ছাড়াইয়া যাইতেছে সামরিক হতাহতের হিসাবও। এই দিকে, গাজার পরিস্থিতি আরও মর্মান্তিক। বিভিন্ন হিসাব অনুযায়ী, মৃত্যুপুরী গাজায় ৭৫ হাজার নিহত এবং প্রায় ২ লক্ষ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে। দুঃখজনকভাবে নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রহিয়াছে। এমন অবস্থায় প্রশ্ন উঠা স্বাভাবিক, কবে শেষ হইবে এই যুদ্ধবিগ্রহ? ইউক্রেন যুদ্ধের মধ্যেই গাজায় ইসরাইল-হামাস সংঘাত, অন্যদিকে ইরানকে কেন্দ্র করিয়া মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি-এই সকল সংঘাতের অভিঘাতে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত হইলেও বিশ্বনেতাদের তৎপরতা কোথায়?

মুশকিল হইল, যুদ্ধ কেবল প্রাণহানিতেই সীমাবদ্ধ থাকে না। ইহার অর্থনৈতিক অভিঘাতও সুদূরপ্রসারী। 'পৃথিবীর শস্যভান্ডার' খ্যাত ইউক্রেনের অবকাঠামো, বিদ্যুৎব্যবস্থা, শিল্প ও কৃষি উৎপাদন ব্যাপক ক্ষতির শিকার হইয়াছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি সরবরাহে সৃষ্টি করিয়াছে বড় ধরনের বিপর্যয়। বিশেষজ্ঞরা বলিতেছেন, এই সংকট বিশ্বের ইতিহাসে বৃহত্তম জ্বালানি সরবরাহ বিপর্যয়গুলির অন্যতম। ইহার ফলে আগামী দিনগুলিতে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন ও সরবরাহে অস্থিরতা ক্রমবর্ধমান গতিতে বৃদ্ধি পাইবে। পরিতাপের বিষয়, এই চাপ শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশসমূহের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াইয়া দিতেছে।

যুদ্ধবিগ্রহ মানবসভ্যতার নূতন অভিজ্ঞতা নহে; কিন্তু আধুনিক যুদ্ধের ব্যাপ্তি, ধ্বংসক্ষমতা এবং অর্থনৈতিক অভিঘাত অতীতের তুলনায় অনেক বেশি ভয়াবহ। যুদ্ধ দীর্ঘায়িত হইলে একদিকে যেমন অস্ত্রের বাজার সম্প্রসারিত হয়, অন্যদিকে তেমন ঘনীভূত হয় খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসংকট। কৃষিজমি অনাবাদি হয়, অবকাঠামো ধ্বংস হয়; বাস্তুচ্যুত হয় নিরীহ মানুষ। এমন পরিস্থিতিতে দরিদ্র দেশসমূহের মানুষের পক্ষে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া স্বভাবতই কঠিন হইয়া পড়ে। অর্থাৎ, 'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে'-বাংলার এই প্রবাদটি যুদ্ধের বৈশ্বিক বাস্তবতায় যেন নূতন অর্থ ধারণ করে, যাহা আজিকার দিনে অনেক বেশি দৃশ্যমান। পরাশক্তিগুলির মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত, আধিপত্য বিস্তার ও ভূরাজনৈতিক হিসাবনিকাশের মাশুল গুনিতে হইতেছে সাধারণ মানুষকে। যাহারা যুদ্ধ শুরু করে নাই, যুদ্ধে যাহাদের কোনোই দায় নাই, সেই তাহারাই আজ খাদ্যসংকট, মূল্যস্ফীতি, উদ্বাস্তু জীবন ও নিরাপত্তাহীনতার শিকার হইতেছে। ইহার সহিত জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতও দরিদ্র জনগোষ্ঠীকে চোখ রাঙাইতেছে। সকল কিছু মিলাইয়া মানুষের নিরাপদ আশ্রয় যে ক্রমেই সংকুচিত হইয়া উঠিতেছে, তাহা বলিবার অবকাশ নাই।

বিশ্বনেতাদের বুঝিতে হইবে, যুদ্ধের মানচিত্রে বিজয়ী পক্ষ থাকিলেও মানবতার বিচারে পরাজিত হয় সকলেই। আর সেই পরাজয়ের সবচাইতে বড় মূল্য দিতে হয় নিরপরাধ মানুষকে। বিশ্বনেতাদের কাছে ইহার কী ব্যাখ্যা রহিয়াছে?

ইত্তেফাক/এএম