'স্যান্ডপেপারগেট' কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার এই তদন্তে যুক্ত করা হয়েছে ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজও। ফলে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পাশাপাশি ঐ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বল রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত তদন্তের শর্তাবলী অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়া পুরুষ দলের বল ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হবে। ওই মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। ঘটনায় জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ব্যানক্রফট।
সম্প্রতি সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর কেলেঙ্কারিটি আবারও আলোচনায় এসেছে। বইয়ে খাজা দাবি করেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি দলের অনেকেরই জানা ছিল। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরের আগেও অস্ট্রেলিয়া দল বলের অবস্থা পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার চার প্রধান বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও প্যাট কামিন্স বরাবরই দাবি করে এসেছেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না। খাজার বক্তব্যকে 'অর্থহীন' বলেছেন কামিন্স। অন্যদিকে নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারের মধ্যে ওয়ার্নার ও ব্যানক্রফট খাজার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকও তার আত্মজীবনীতে দাবি করেছিলেন, ২০১৭-১৮ অ্যাশেজ শেষে ওয়ার্নার স্বীকার করেছিলেন, এর আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে আঙুলে জড়ানো ব্যান্ডেজ ব্যবহার করে বলের অবস্থার পরিবর্তন করেছিলেন তিনি। পার্থ টেস্টে বৃষ্টির পর ভেজা মাঠেও অস্ট্রেলিয়ার বল অস্বাভাবিক রিভার্স সুইং করায় সন্দেহ হয়েছিল ইংল্যান্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচিং স্টাফ ও তৎকালীন বোর্ড কর্মকর্তাদের তদন্তে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। ছয় সপ্তাহ চলবে এই কার্যক্রম।
তবে অংশগ্রহণ বাধ্যতামূলক নয় এবং অতীতের ঘটনার জন্য নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের চেয়ারম্যান ডেভিড বুন জানিয়েছেন, কাউকে শাস্তি দেওয়া বা দোষারোপ করা নয়, বরং অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এই তদন্তের মূল উদ্দেশ্য।
