চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে মশালমিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব মিছিল করা হয়।
পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন। এ সময় উপজেলার হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরাগ, বারশত, বারখাইন, বটতলী, রায়পুর ও হাইলধর ইউনিয়নসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে মশাল মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসব মিছিলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা অংশ নেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মিছিলকে কেন্দ্র করে হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।
পরে বিএনপির নেতা-কর্মীরাও মিছিল করেন। পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
