জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রংপুর-৩ আসনের আসন্ন উপনির্বাচন জাপার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী তপশিল ঘোষণার আগেই জাপা পার্লামেন্টারি বোর্ড গঠন ও আগ্রহীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। পার্লামেন্টারি বোর্ডই যাচাই-বাছাই করে প্রার্থী নির্ধারণ করবে। এ আসনে জয়ী হতেই জাপা নির্বাচন করবে। গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন করবে জাপা।
সাংবাদিকদের সঙ্গে জি এম কাদের কথা বলার আগে গতকাল বনানী কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের চেহলাম আয়োজন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাপার যৌথসভা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, মরহুম এরশাদের চল্লিশা উপলক্ষ্যে আগামী ৩১ আগস্ট সারা দেশে প্রতিটি থানা ও উপজেলায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাঙ্গাও বলেন, রংপুর-৩ আসনটি জাপার দুর্গ। এখানে জাপার মনোনীত প্রার্থীই বিজয়ী হবেন। এসময় উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম, আহসান আদিলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।
মহিলা পার্টির সাধারণ সম্পাদক পদে মৌসুমিকে হটিয়ে নাজমা
এদিকে, জাপার অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে দলটিতে এরশাদের পালিত কন্যা হিসেবে পরিচিত অনন্যা হোসাইন মৌসুমিকে সরিয়ে দিয়ে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে। জাপা চেয়ারম্যান জি এম কাদের গতকাল এক সাংগঠনিক আদেশে দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সুপারিশক্রমে দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সভানেত্রী ও প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার এমপিকে সাধারণ সম্পাদক করে ২৪১ সদস্যবিশিষ্ট মহিলা পার্টির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। সালমা ইসলাম মহিলা পার্টির সভাপতি পদে বহাল রয়েছেন। নাজমা আকতার এর আগেও একবার মহিলা পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। নতুন ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, নাসরিন জাহান রত্না এমপি (জাপার সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী), শেরিফা কাদের (জি এম কাদেরের স্ত্রী), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, মেরিনা রহমান (এরশাদের বোন), মাহজাবীন মোরশেদ, খুরশীদ আরা হক, শাহানারা বেগম, সৈয়দা পারভীন তারেক, ফরিদা শিকদার, অ্যাডভোকেট লাকী বেগম, হেনা খান পন্নী, রাজিয়া সুলতানা, পারভীন ওসমান (প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী), আলেয়া বেগম, অনন্যা হোসেন মৌসুমী, কাজী সুফিয়া বেগম ও সফুরা বেগম।
