রুয়েটে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:০১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সংগ্রামী জীবনের স্মৃতি সংরক্ষণে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় ফলক উন্মোচন এবং ফিতা কেটে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্ণারে’র উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রুয়েট রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু, রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামীমুর রহমান, অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটির সদস্য সচিব ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি,  রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: জ্ঞান হারালেন জামালপুর ডিসি অফিসের সেই নারী কর্মী

এদিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর অতিথিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন মেয়র লিটন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, রুয়েটে বঙ্গবন্ধু কর্নার আয়োজনের সূচনা দেখেই বোঝা যাচ্ছে, আগামীতে এটি বড় আকার ধারণ করবে। এই বঙ্গবন্ধু কর্নার থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এখানে আগতরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন।
 
উল্লেখ্য, গত ৮ এপ্রিল অফিসার সমিতির দাবির প্রেক্ষিতে রুয়েট উপাচার্য কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটি গঠন করেন। উক্ত কমিটি অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম বেগ এর সার্বিক তত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে।

ইত্তেফাক/বিএএফ