যশোরে এলজিইডি’র গাড়িচালক হাসানুজ্জামান ওরফে জগলুকে (৫০) গলা কেটে খুন করা হয়েছে। পুলিশ বুধবার সকাল ৭টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে যশোর সদরের চুড়ামনকাটির উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। নিহত জগলু কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামের জহুরুল আলমের ছেলে। তিনি ঝিনাইদহ এলজিইডিতে কর্মরত ছিলেন।
যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ওই গাড়িচালককে অন্য কোনো স্থানে গলা কেটে হত্যার পর সন্ত্রাসীরা লাশটি চুড়ামনকাটি উত্তরপাড়ায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। এ কারণে সেখানে রক্তের কোনো চিহ্ন দেখা যায়নি।
এলজিইডি যশোরের কয়েকজন কর্মচারী জানান, জগলু ঝিনাইদহ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া হলেও তিনি ঝিনাইদহ ডাকবাংলোয় একাকি বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় পড়াশোনা করেন এবং তার স্ত্রী ছেলের সাথে থাকেন। স্ত্রী হালিমা বেগম জগলুকে তালাক দিয়েছিলেন। এরপর অন্য আরেকজনকে বিয়ে করে সংসার করার একপর্যায়ে তাকে তালাক দিয়ে ফের জগলুকে বিয়ে করেন হালিমা। এ সময় জগলু তার সব সম্পত্তি স্ত্রী হালিমা বেগমের নামে লিখে দেন। পারিবারিক কারণে জগলু খুন হতে পারেন বলে তারা জানান।
আরো পড়ুন: ৫৫ লাখের বাড়ির পর রানু পেলেন সালমানের নতুন অফার
ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান জানান, পারিবারিক কারণে তিনি অশান্তিতে ছিলেন এটা ঠিক। তবে কী কারণে এবং কারা এ খুন করেছে তা জানি না। জগলু মঙ্গলবার অফিসের দায়িত্ব পালন করেছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী বলেন, হাসানুজ্জামানকে অন্য কোনো স্থানে গলা কেটে হত্যার পর চুড়ামনকাটি উত্তরপাড়ার যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে লাশটি ফেলে গেছে দুর্বৃত্তরা। এজন্য এখানে রক্তের চিহ্ন দেখা যায়নি।
তিনি জানান, নিহতের কাছে মোটরশ্রমিক ইউনিয়নের একটি পরিচয়পত্র ছিল। সেখানে নাম ও পরিচয়সহ পদবি লেখা আছে ড্রাইভার (চালক)।
ইত্তেফাক/এমআই
