বিদ্যুৎবিল দেখে মাথায় হাত

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৭:৩৮

জুলাই মাসে বিদ্যুৎবিল এসেছিল ২ হাজার ২০৫ টাকা। আগস্ট মাসের বিল এসেছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। শ্যামনগরে এক ব্যবসায়ীর নামে ভুতুড়ে বিল করায় পল্লী বিদ্যুৎ সমিতির নামে অভিযোগ উঠেছে। আর বিপাকে পড়েছে ব্যবসায়ী মশিউর রহমান।

অভিযোগে জানা যায়, সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিস থেকে ইস্যু করা ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকার ভুতুড়ে বিলটি পাঠানো হয়েছে উপজেলা সদরে অবস্থিত এফএম সুপার মার্কেটের ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী মশিউর রহমানের নামে।

বিলে দেখা যায়, ওই প্রতিষ্ঠানে আগস্ট মাসের বিল এসেছে ১০ লাখ ৩৭ হাজার ৮৪৯ টাকা। এরআগে গত জুলাই মাসে প্রতিষ্ঠানটির বিল এসেছিল ২ হাজার ২০৫ টাকা। ব্যবসায়ী মশিউর রহমান জানান, এমন ভুতুড়ে বিল গত ২২ বছরের ব্যবসায়ীক জীবনে দেখিনি। মিটার না দেখেই বিল করা হয়েছে বলে জানিয়েছেন। গত মাসে বিদ্যুৎ বিল ঠিক আসলেও এ মাসে বিল এসেছে দশ লাখ টাকার উপরে, যা কাল্পনিক ছাড়া কিছু নয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, পল্লী বিদ্যুতের এমন ভুতুড়ে বিলের কারণে অনেক গ্রাহকের অধিকতর টাকা গুণতে হচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

আরো পড়ুন: ৫৫ লাখের বাড়ির পর রানু পেলেন সালমানের নতুন অফার

এ বিষয়ে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, অনেক সময় ভুলবশত এমন বিল হতে পারে। তবে এবিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।