রামগঞ্জে পরকীয়ার অভিযোগে দিনমুজুরকে জরিমানা, অপমানে তার আত্মহত্যা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৬:০২

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ার অভিযোগ এনে প্রভাবশালী একটি মহল এক দিনমজুরকে জরিমানা করেছে। ওই দিনমজুরের নাম মোঃ খোকন (২৪)। এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের কামিলা বাড়িতে। মোঃ খোকন একই বাড়ির ফজল হকের ছেলে। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

স্থানীয় সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়ীর মনু মিয়ার স্ত্রী আকলিমা বেগমের সঙ্গে দিনমজুর মোঃ খোকনের পরকীয়ার অভিযোগ তোলে একই বাড়ির মোঃ সোহাগ। পরে খোকনকে আটক করে রাত ২টা পর্যন্ত শালিস বৈঠক চলে।

শালিসকারী কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুর রব ও যুগ্ন আহবায়ক মোর্শেদ আলম ও সাইন্নার বাড়ির রাজু গংরা দিনমজুর মোঃ খোকনকে অভিযুক্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করে। আজ শুক্রবার সকাল ১০টার মধ্যে টাকা পরিশোধ করার শর্ত দেয়।

খোকন পরকীয়ার বিষয়টি অস্বীকার করে কান্নাকাটি করলেও শালিসকারীরা তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং খোকনকে নানা ভয়ভীতি ও চাপ প্রয়োগ অব্যাহত রাখে। এক পর্যায়ে খোকন কৌশলে সালিশ বৈঠক থেকে বাইরে গিয়ে বাড়ির পরিত্যাক্ত বাগানে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খোকনের বাবা ফজল হক জানান, পরকীয়ার মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে আমার ছেলে শালিসদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। কিন্তু তাতে তাদের মন গলেনি। পরে সে আত্মহত্যা করেছে।  আমি ওই শালিদারদের বিচার দাবি করছি।

কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুর রব বলেন, 'বিষয়টি আমি জানি না। যেহেতু আমি ঘটনাস্থলে সালিশের পরে গিয়েছি, আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল এমন মিথ্যা কথা রটাচ্ছে।'

আরও পড়ুন: মির্জাপুরে এক মাসে ৩০০ রোগী ডেঙ্গুতে আক্রান্ত

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে রামগঞ্জ থানার এস আই কাওসারুজ্জামানকে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কামিলা বাড়ির শিউলী বেগম ও তাহেরী বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। শালিস বৈঠকে পরকীয়ার অভিযোগে কোন জরিমানা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু