মতলবে অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে ছাই, আহত ২

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃধা বাড়িতে রান্নাঘর থেকে আগুন লেগে পুড়ে গেছে সাতটি ঘর। আগুন নেভাতে গিয়ে বিল্লাল প্রধান ও কাউসার মিয়া নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ দিন বিকালে আজিম মৃধা মা রানু বেগম (৭০) আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশ-পাশের লোকজন দৌড়ে আসে। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়ির আজিম মৃধা, কামাল মৃধা, নীল মিয়া মৃধা ও নুরুল ইসলাম মৃধার চারটি বসত ঘর ও তিনটি রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বিজয় মৃধা ও শাহাজাহান মৃধা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে বলেন, 'আমাদের বাড়ির প্রতি ঘরেই গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আজিম মৃধার বোনের বিবাহের খরচের জন্য নগদ এক লাখ টাকা, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, আসবাবপত্র, গবাদি পশু পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।'

আরও পড়ুন:  ফের ৫ হাজারের নিচে ডিএসই’র সূচক

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মো. আসাদুজ্জামান মিয়া বলেন, 'মুঠোফোনে প্রায় ৫টার দিকে আগুন লাগার বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।' 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ও মতলব পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবুল বাশার পারভেজ মিয়াজী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুন মৃধা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং আগুন নেভাতে সহযোগিতা করেন।

ইত্তেফাক/জেডএইচডি