আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি সব সময় রাজনীতিতে ভুল করে আসছে, আবারও ভুল করতে যাচ্ছে। তারা বলেছিলো, নির্বাচন বয়কট করবে। কিন্তু করে নাই। বলেছিলো পার্লামেন্টে আসবে না, কিন্তু এসেছে। এসে তাদের ভূমিকা রাখতে আমরা কেউ বাধা দিচ্ছি না। শুধু মাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া এখন দেশে কোনো সমস্যা নাই। আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে রোহিঙ্গাদের আমরা শান্তিপূর্ণ ভাবে মায়ানমারে ফেরত পাঠাবো।
শুক্রবার জুম্মার নামাজের আগে পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুরে নব নির্মিত মরহুম খোরশেদ আলম স্মৃতি জামে মসজিদের উদ্বোধন কালে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপিকে অনুরোধ করবো এখন এই সমস্ত তথাকথিত ফাঁকা আওয়াজ না দিয়ে রোহিঙ্গা পোস্টে সরকারকে সহযোগিতা করা জন্য, আমাদের সমস্ত উন্নয়নে সহযোগিতা করার জন্য। আমাদের ভুলত্রুটি হলে পার্লামেন্টের ভিতরে কিংবা বাইরে আলোচনা-সমালোচনা মাধ্যমে সমঝোতা করুক। কিন্তু অন্য কোনো রকম পথ যেন তারা অবলম্বন না করে। করলে আবার ভুল হবে।
আরও পড়ুন: শার্শায় সেই গৃহবধূ ধর্ষণের মামলা পিবিআইতে, ব্যক্তির দায় নেবে না সংস্থা
নতুন মসজিদ উদ্বোধনকালে মোহাম্মদ নাসিমের পত্নী লায়লা আঞ্জুমান, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভির শাকিল জয়, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মুকুলসহ বিভিন্ন নেতাকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ৬ সেপ্টেম্বর মোহাম্মদ নাসিমের অসুস্থতার খবর শুনে পাবনার নিজ বাড়ি থেকে বাসযোগে ঢাকা যাবার পথে তার শ্বশুর খোরশেদ আলম সুজানগরের বিরাহিমপুর নামক এ স্থানটিতে হঠাৎ করে মৃত্যুবরণ করেন। তার স্মৃতি ধরে রাখতে উক্ত স্থানটিতে পারিবারিক খরচে নতুন দ্বিতল ভবনের এ মসজিদ নির্মাণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
