বিজিবি কর্তৃক ৬ কাস্টমস কর্মকর্তা আহতের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে কাস্টমস কার্যক্রমের বাধা ও বিজিবি সদস্য কর্তৃক ৬ কাস্টমস কর্মকর্তা আহত হওয়ার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে খুলনা বিভাগীয় কাস্টমস অফিসার এ্যাসোসিয়েশন (খুকাএভ) ও বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার এ্যাসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ সমাবেশে যোগ দেন বেনাপোল বন্দর ব্যবহারকারী সকল সংগঠনের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ।

আরো পড়ুন: জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৩

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- খুকাএভ ও বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার এ্যাসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা খন্দকার গোলাম মোর্তজা, সাধারণ সম্পাদক সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা আবদুল্লাহ আল-মামুন, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এমপ্লয়েজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন মজুমদার, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্ব নাথ কুন্ডু ও নাদিম আহমেদ প্রমুখ।

খুলনা বিভাগীয় কাস্টমস অফিসার এ্যাসোসিয়েশন (খুকাএভ) ও বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা আবদুল্লাহ আল মামুন বলেন, ৬ ডিসেম্বর সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে কাস্টমস এর দৈনন্দিন কার্যক্রমে বাঁধা ও আইন ভঙ্গ করে কাস্টমস হল রুমে প্রবেশ করে বিদেশী পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ জোর পূর্বক তল্লাশি করার চেষ্টাকালে কাস্টমস কর্মকর্তারা বাঁধা প্রদান করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ক্ষমতার অপব্যবহার করে ডেপুটি কমিশনারসহ ৬ জন কর্মকর্তাকে মারধর করেন। তার মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মোস্তাফিজ নামে ২ কর্মকর্তা গুরুতর আহত হন। ৪ দফা দারি বাস্তবায়নসহ দোষীদের শাস্তি দাবি জানান তিনি।

ইত্তেফাক/বিএএফ