আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনাঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় আফগান নিরাপত্তাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদসংস্থা। বৃহস্পতিবার দুপুরে চাহার আসিয়াব জেলায় এই হামলা করা হয়েছে বলে স্বীকার করা হয় তালেবানের পক্ষ থেকে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রাহুল্লাহ আহমাদজাই জানান, আফগান চার সেনা নিহত ছাড়াও তিনজন সাধারণ নাগরিকও এই হামলায় আহত হয়।
এদিকে টোলো নিউজ নামে স্থানীয় একটি টিভি চ্যানেলের প্রতিবেদক গোলাগুলির খবর প্রকাশ করেন। ওই প্রতিবেদক তার প্রতিবেদনে জানান, সেনাঘাটিতে দুপুরের দিকে হঠাৎ একদল তালেবান সৈন্য ঢুকে পড়ে গোলাগুলি শুরু করে। সেনাবাহিনীও গুলি চালিয়ে গোলাগুলির জবাব দেয়। তবে আহমাদজাইয়ের পক্ষ থেকে গোলাগুলির ঘটনার কথা অস্বীকার করা হয়।
আরও পড়ুন : সক্রিয় মৌসুমি বায়ু, ভারী বৃষ্টির সম্ভাবনা
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা ভেস্তে দিতেই আফগানিস্তানে ফের অস্থিরতা ছড়ানোর হুমকি দিতে থাকে তালেবান। এই এক সপ্তাহে বেশ কয়েকটি ছোটখাট হামলাও চালানো হয় শীর্ষ এই জঙ্গী সংগঠনের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলা চালায় তালেবান।
উল্লেখ্য, আফগানিস্তানে সরকার ও তালেবানদের মধ্যে ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তি আলোচনায় বসার কথা ছিল। শেষ মুহূর্তে ট্রাম্প এই আলোচনা হবে না বলে শান্তির সম্ভাবনা ভেস্তে দেন।
ইত্তেফাক/মিশু/কেআই
