কানাডার নিরাপত্তা সম্পর্কিত 'গোপন নথি' অপরাধীচক্রের নিকট বিক্রির চেষ্টা করার দায়ে ক্যামেরন অরটিস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ। অরটিস কানাডার নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা।
এফবিআইর তদন্তে ২০১৮ সালে ফ্যান্টম সিকিউরিটি কমিউনিকেশনস নামক একটি অপরাধীচক্রের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে ১৩ সেপ্টেম্বর কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ফ্যান্টম প্রধান ভিনসেন্ট রামোসকে তিনি কানাডার 'টপ সিক্রেট' কিছু তথ্য বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন। তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদলু নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
ফ্যান্টম সিকিউরিটি কমিউনিকেশনস বিশ্বব্যাপী অপরাধীদের এনক্রিপ্টেড মোবাইল ফোন বিক্রি করে থাকে। এসকল মোবাইল ফোন ব্যবহার করে অপরাধীরা খুব সহজেই পুলিশকে ফাঁকি দিয়ে নির্বিঘ্নে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। সংস্থাটির প্রধান ভিনসেন্ট রামোসকে গত মে মাসে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
আরো পড়ুন : দখলমুক্ত জবির দ্বিতীয় ফটক
কানাডিয়ান গোয়েন্দা পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, অরটিসের কাছে মূল্যবান অনেক 'টপ সিক্রেট' তথ্য পাওয়া গেছে। এগুলো সে দেশের বাইরে ও বিভিন্ন অপরাধী গোষ্ঠীর কাছে পাচার করতে চেয়েছিল। তথ্যগুলো ফাঁস হলে রাষ্ট্রের জাতীয় স্বার্থে আঘাত আসতো। এমনকি কানাডা ও তার বন্ধুরাষ্ট্রগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারতো।
অরটিসের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ করার অভিযোগে মামলা করা হয়েছে আদালতে। শুক্রবার এ মামলার শুনানিতে তাকে হাজির করে পুলিশ। আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেছেন এই কর্মকর্তা। ২০ সেপ্টেম্বর তার শুনানি হবে।
ইত্তেফাক/মিশু
