তিস্তার পানি বণ্টনে বাংলাদেশ-ভারত পর্যায়ে আলোচনা চলছে: জাহিদ ফারুক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২০

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদীকে শাসন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আমরা কিভাবে তিস্তার পানি ব্যবহার করতে পারি সে ব্যাপারে দুই দেশের টেকনিক্যাল পর্যায়ে  কাজ করা হচ্ছে।

শুক্রবার সকালে কুড়িগ্রামের ভাঙন কবলিত ধরলা নদীতে কালোয়া বাঁধে সিসি ব্লক ও জিও ব্যাগের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আমরা দেখবো তিস্তা নদীর পানি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই নদীর পানিতে দুই দেশের মানুষ উপকৃত হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২/৩ বছরের মধ্যে এ এলাকার ভাঙন ও বন্যা কমিয়ে আসবে। এলাকাবাসী যাতে প্লাবিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষে কাজ চলছে।

আরও পড়ুন: কুমিল্লা থেকে অপহৃত প্রবাসী ৭ দিন পর ঢাকায় উদ্ধার

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজার রহমান, রংপুর উত্তর অঞ্চলের প্রধান প্রকৌশলী লক্ষ্মী প্রসাদ ঘোষ, রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদ, কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী উলিপুর শহরে বুড়িতিস্তা নদী খনন কাজের অগ্রগতি, নাগড়াকুড়া টি হেড গ্রোয়েন বাঁধ এবং চিলমারীতে ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধের নতুন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি চিলমারীর রমনা ও উলিপুরের হাতিয়া ইউনিয়নে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নদী ভাঙ্গন রোধে জেলায় ৩০২ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

ইত্তেফাক/অনি