শিল্পকলায় জাতীয় শিশু কিশোর
নাট্য ও সাংস্কৃতিক উত্সব
ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় জাদুঘরের-নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে সূচিশিল্প প্রদর্শনী। ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসুমণির পাঠশালার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি। স্বাগত বক্তব্য রাখেন হাসুমণির পাঠশালার সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের ছবি প্রদর্শিত হচ্ছে। এসব ছবি সূচিকর্মের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীসহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের ছবিও স্থান পেয়েছে।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ১৯৮১ সালে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। কে এম খালিদ বলেন, পরবর্তী প্রজন্ম যেন বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে আরো বেশি জানতে পারে সেজন্য হাসুমণির পাঠশালার এই নিরন্তর প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এ প্রত্যাশা রইল। ১০ দিন দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উত্সব :উত্সবের দ্বিতীয় দিনে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উত্সর্গীকৃত পুষ্পকানন নির্মাণ করে শিশু শিল্পীরা। একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বিকালে মৌলভীবাজারের স্বপ্নস্বর নাট্যদল পরিবেশন করে নাটক স্বপ্নভঙ্গ। পরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদলের পরিবেশনায় ছিল নাটক ডালিম কুমার। মৈত্রী শিশুদল ঢাকা পরিবেশন করে নাটক শীষনাথ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি ঢাকা পরিবেশন করে নাটক অবাক জলপান এবং ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের পরিবেশনায় নাটক কানুর বাঁশি মঞ্চস্থ হয়।
স্টুডিও থিয়েটার হলে বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার, বাগেরহাট, নড়াইল, ফেনী, পটুয়াখালী, জামালপুর ও ঝিনাইদহ পরিবেশন করে আবৃত্তি, একক অভিনয়, ৭ই মার্চের ভাষণ এবং শিশুতীর্থ নাট্যদল নড়াইলের পরিবেশনায় নাটক বিজয় মালা ও জেলা শিল্পকলা একাডেমি জামালপুরের পরিবেশনায় নাটক জাগো সুন্দর কিশোর মঞ্চস্থ হয়।
আজ রবিবার উত্সবের তৃতীয় দিন জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে রাজশাহীর ভোরহল নাট্যদল পরিবেশন করবে নাটক প্রসন্ন প্রকৃতি, সিরাজগঞ্জের নাট্য নিকেতনের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল রাঙ্গামাটির পরিবেশনায় তারুণ্যে আহ্বান, জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের পরিবেশনায় নাটক পাখির ডানা।
‘অনুস্বর’ মঞ্চে এনেছে ‘অনুদ্ধারণীয়’ :চলতি বছরের জুলাই মাসে নাট্যাঙ্গনে পথচলা শুরু করে নতুন নাট্যদল অনুস্বর। এবার দলটি মঞ্চে নিয়ে এসেছে প্রথম প্রযোজনা অনুদ্ধারণীয়। গতকাল শনিবার সন্ধ্যায় নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। বুদ্ধদেব বসুর ছোটোগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী।
