আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচনে বিএনপিকে ফাউল গেম না খেলার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনী মাঠে ফাউল গেম খেললে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে কোন দল বা জোটের ফাউল গেম খেলার সুযোগ নেই।
গতকাল সোমবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বাগবাটিতে এক বিশাল নির্বাচনী সমাবেশে এ কথা বলেন। প্রচারণার প্রথম দিন তিনি বাগবাটি ইউনিয়নে নির্ধারিত কয়েকটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন।
যারা অন্য দল করেন তাদেরও ভোট নষ্ট না করে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এদেশের মানুষকে উন্নয়ন দিয়েছেন, বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন।
৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, জঙ্গি দমন হয়েছে। মানুষ শান্তি ও স্বস্তিতে আছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোন বিকল্প নেই।
বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মানিক, মনজুর মোরশেদ খান সজল প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্কুলকোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি পৃথক নির্বাচন সমাবেশে বক্তব্য রাখেন। এ সমাবেশ দুটিতেও হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এদিকে গতকাল সন্ধ্যায় বাগবাটির দত্তবাড়িতে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ীকে করতে অঙ্গীকার ব্যক্ত করেন।
