কুড়িগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৩০

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকা থেকে শারমীন আক্তার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ বাড়ির কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী বাবু পলাতক রয়েছেন।

নিহত শারমীন একই এলাকার শাহাবুদ্দিনের কন্যা এবং কুড়িগ্রাম গ্রীণ লাইফ হসপিটালে কর্মরত ছিলেন। তার স্বামী বাবু ইউনিলিভার লালমনিরহাট শাখায় চাকরিরত। নিহত গৃহবধূর মা শাহিনা আক্তার জানান, বুধবার একটি এনজিও থেকে ঋণ পাওয়ার কথা ছিল শারমীনের। তার আসতে দেরি হওয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পান চার বছরের নাতি শিশির কাঁদছে। কক্ষের দরজা ও জানালা খোলা, মেয়ের লাশ ঘরের মেঝেতে। নাতি শিশির তাকে জানায়, বাবা তার মাকে মেরেছে। তারপর থেকে তার মা আর কোনো কথা বলছে না।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আমরা গৃহবধূর লাশ কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় ঘর থেকে উদ্ধার করি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার সত্যতা জানা যাবে। নিহতের স্বামী বাবুকে খোঁজ করা হচ্ছে।