দক্ষিন কেরানীগঞ্জে গণধর্ষণের শিকার এক কিশোরী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:১৮

দক্ষিন কেরানীগঞ্জের আইনতা সারিঘাট এলাকায় ঘুরতে গিয়ে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষনের স্বীকার হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মঙ্গলবার ছয় ধর্ষক আদালতে ধর্ষণের কথা স্বীকার করেছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশিকুজ্জামান জানান, গত ২০ এপ্রিল দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বর এলাকার ১৪ বছরের এক কিশোরী মেয়ে পার্শ্ববর্তী এলাকার আইনতা সারিঘাট এলাকায় বিকেলে ঘুরতে যায়। সেখানে তাকে আকাশ নামের একটি ছেলে তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাবে রাজি না হলে আকাশ রায়হান নামের আরেকটি ছেলেকে ডাকে। রায়হান মেয়েটির পূর্ব পরিচিত।

রায়হান এসে মেয়েটিকে সারিঘাট এলাকায় একটি শুকনো নদীর ওপারে ঘুরতে নিয়ে যায়। সেখানে নির্জনস্থানে নিয়ে আট-দশজন মিলে জোর পূর্বক মেয়েটিকে গণধর্ষণ করে। 

মেয়েটি বাড়িতে গিয়ে তার স্বজনদের কাছে বিষয়টি জানায়। এরপর ওই কিশোরীর বড় বোন থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলা হওয়ার পর আমরা সোমবার রাতে অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয় ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করি বাকি আসামিদের দু-একদিনের মধ্যে গ্রেপ্তার করতে পারবো। 

মঙ্গলবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠালে আসামিরা আদালতে ধর্ষণের কথা স্বীকার করে।

আরও পড়ুনঃ জাহালম সংক্রান্ত মামলার রুল শুনানিসহ সকল কার্যক্রম স্থগিত

মামলার বাদী বলেন, ‘আমার বোন নাবালিকা। ওর উপর নির্মম পাশবিক নির্যাতন হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

ইত্তেফাক/নূহু