পুকুরে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের ৩ ঝুঁকিপূর্ণ খুঁটি

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:২৭

সিরাজগঞ্জের তাড়াশে পশ্চিম ওয়াপদা বাঁধের মহা শ্মশান এলাকার একটি পুকরের মধ্যে ১১ হাজার ভোল্টের তিনটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে জমি কেটে পুকুর খননের সময় খুঁটিগুলোর চারপাশ থেকে মাটি কেটে ফেলা হয়েছে। যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। 

পুকুর মালিক সুজাব আলী প্রামাণিক জানিয়েছেন, খুঁটিগুলো সরিয়ে নিতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসে ২০১৭ সালের অক্টোবর মাসের ৯ তারিখে নিয়মানুযায়ী টাকা জমা দিয়েছি। কিন্তু এখনও সরানো হয়নি।

সরেজমিনে, পুকুরের মধ্যে তিনটি বিদ্যুতের খুঁটির নিচে চারপাশে সামান্য করে মাটি লেগে থাকতে দেখা গেছে।  মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কের কাছাকাছি একটি খুঁটি খানিকটা পুকুরের মধ্যেই হেলে পড়েছে।

আরও পড়ুন: বকেয়া আদায়ের দাবিতে শ্যামপুর চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

পুকুর মালিকসহ স্থানীয়রা বলেন, পুকুরের দুইপাশে ঘনবসতি এলাকা। তাছাড়া খুঁটিগুলোর তারের মাধ্যমেই ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে পশ্চিম তাড়াশের মাগুড়া বিনোদ, দিঘীসগুনা, কামাড়শোন, মাকড়শোনসহ বেশ কয়েকটি গ্রামে। 

তারা আরও বলেন, এখন ঝড় বৃষ্টির মৌসুম। খুঁটিগুলোর নিচে যেটুকো মাটি আছে তা সামান্য বৃষ্টি হলেই সরে যাবে। ঝড়েও পড়ে যেতে পারে। এতে পশ্চিম তাড়াশে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। থাকছে প্রাণহানীর শঙ্কাও। 

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডি জি এম মো. আশরাফ উদ্দিন খান ইত্তেফাককে বলেন, পুকুরে পানি হয়ে গেলে স্থানান্তর অসম্ভব হয়ে পড়বে। খুুঁটিগুলো স্থানান্তরের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এসি