নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিন তদন্ত কমিটি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স) নুর হাসান, উপ-পরিচালক সানোয়ার হোসেন ও উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন । 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম জানিয়েছেন। মসজিদে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

আরো পড়ুন : জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পাঁচ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন বলেও জানান তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ডিপিডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ব) গোলাম মোর্শেদ, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মফিজুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় দগ্ধ ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনসহ ১৪ জন মারা গেছেন। চিকিৎসাধীন বাকি ২৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


ইত্তেফাক/ইউবি