মধুখালীর আমডাঙ্গা সড়কের বেহাল দশা, জনগণের ভোগান্তি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাঙ্গা গ্রামের কাজীপাড়া রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

রাস্তাটি উথলী আমডাঙ্গা বাজার হয়ে ঈদগাহ ও কবরস্থান দিয়ে গেছে। গ্রামের শতাধিক পরিবারের বসতিদের চলাচলের মাধ্যম এই রাস্তা। অল্প বৃষ্টিতেই প্রচন্ড কাদা হওয়ায় ভ্যান, অটো চলাচলে অনুপযোগী হয়ে উঠে। গ্রামের কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে কিছু ইটের সুরকি দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও অতি বৃষ্টিতে রাস্তাটি আগের অবস্থানে রূপ লাভ করেছে।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, বৃষ্টিতে প্রচুর কাদা হওয়ায় আমাদের যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমি নিজ উদ্যোগে ৫ হাজার টাকা খরচ করে কিছু ইটের সুরকি দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করি। এতে আশেপাশের লোকজন কিছু দুর্ভোগ থেকে উপকৃত হয়েছে। 

আরো পড়ুনঃ জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন: ওবায়দুল কাদের

স্থানীয় ইউপি ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো: জাবেদ আলী জানান, রাস্তাটি আমডাঙ্গা ব্রিজ থেকে কাজীবাড়ি হয়ে আমডাঙ্গা গোরস্থান ও ঈদগাহ দিয়ে প্রায় ২কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে। রাস্তাটির কাজের জন্য আমি অনেক স্থানে আবেদন জানিয়েছি। আমার জানামতে এলজিইডি থেকে রাস্তাটির আইডি নম্বর পড়ে গেছে। 

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহিদুল হাসান টিপু বলেন, আমি সেখানে গিয়ে দেখে এসেছি রাস্তাটির ভয়াবহ চিত্র। ওই রাস্তার যে অবস্থা তা আমার ইউনিয়নে আর একটিও নেই। রাস্তাটি পাকা করার ব্যাপারে  আমি কথা বলেছি । কাজের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 


ইত্তেফাক/এমএএম