শিক্ষক পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:০৩

শরণখোলায় খাবারে চেতনানাশক প্রয়োগ করে এক মাদ্রাসা শিক্ষকের পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নিয়েছে চোরেরা। শরণখোলার দক্ষিণ বাধাল গ্রামে এই ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। শনিবার সকালে ওই পরিবারের তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে প্রতিবেশীরা।

ভূক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের মাদ্রাসা শিক্ষক মোঃ বেলায়েত হোসেনের পরিবার প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে প্রতিবেশীরা তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে তাদের ঘরের বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সকাল ৮টার দিকে তারা অজ্ঞান অবস্থায় তিনজনকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। 

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন হলেন, গৃহকর্তা বেলায়েত হোসেন (৪৪), তার স্ত্রী জাহানারা বেগম (৩২) ও কন্যা ঐশী  (১৪)। হাসপাতালের চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে গৃহবধূ জাহানারা জানান, ‘দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে প্রবেশ করে তার কানের স্বর্ণের দুল ও ঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও কিছু মালামাল নিয়ে গেছে। দুর্বৃত্তরা ঘরের সমুদয় মালামাল এলোমেলো করে রেখে গেছে।’

ধারণা করা হচ্ছে, সন্ধ্যার কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের খাবারে চেতনানাশক মিশিয়ে রাখে। গৃহকর্তা বেলায়েত হোসেন সন্যাসী বরিশাল লতিফিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. বিশ্বজিত জানান, ‘চেতনানাশক খেয়ে অসুস্থদের অবস্থা এখন আশংকামুক্ত।’

আরও পড়ুনঃ রংপুরে জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার

এ ব্যপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ‘চেতনানাশকের কোনো ঘটনা তাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু