আমাদের স্বাধীন দেশ, দুনিয়া আমাদের খামার: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমান করছে উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে।’

শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ, দুনিয়া আমাদের খামার। আমরা বহির্বিশ্বে যাবো, টাকা রোজগার করে দেশের উন্নয়নের কাজ করবো।’

তিনি বলেন, ‘যারা ২০১৪ সালে নির্বাচন বয়কট করে প্রায় মরে গিয়েছিলেন তারা এবার এসে আরো শেষ হয়ে গেছেন। এসেও লাভ হয়নি। মরা মানুষ জিন্দা হয়ে কাজ করতে পারে না। এজন্য আমাদের কোনো আনন্দ নয়, আমরা চাই সুস্থ রাজনীতি করে দেশপ্রেমের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে।’

তিনি আরো বলেন, ‘লণ্ডনে ঠাণ্ডা ঘরে বসে স্যুট-টাই পরে ইউটিউবে লেকচার দেন তাদের এই দিন শেষ হয়ে গেছে। এইসকল লোক যারা বাংলার মানুষের সঙ্গে মসকরা করে তাদের চিরতরের জন্য বাংলার মানুষ নির্মূল করবে।’

মন্ত্রী এম এ মান্নান আরো বলেন, ‘আমাকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, ফুলে ফুলে সিক্ত করেছেন হাতের ছোঁয়া দিয়ে উষ্ণ করেছেন, এজন্য সবার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা জানাই।’

দেশের অগ্রযাত্রায় মন্ত্রী বিশ্ব-বাঙ্গালীর নেত্রী শেখ হাসিনাকে তার অবস্থানে আরো শক্তিশালী রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছিরের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম (রিজু), সহ-সভাপতি ইউ.পি চেয়ারম্যান সিরাজুল হক, ইউ.পি সদস্য যুবলীগ নেতা খালেদ আহমদ, ছাত্রলীগ নেতা এনাই রুমন।

আরও পড়ুনঃ শিক্ষক পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট

এর আগে পাটলি ইউনিয়নবাসীর উদ্যোগে পাটলি ইউনিয়ন মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

ইত্তেফাক/নূহু