হোমনায় গভীর রাতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় বজ্রপাতে তাদের দুই সহযোগী আহত হন। সোমবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে তারা বজ্রপাতের কবলে পড়েন।
নিহতরা হলেন, উপজেলার জগন্নাতকান্দি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৮) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫)। আহতরা হলেন, আশ্বিনী দাসের ছেলে অমূল্য চন্দ্র দাস (৪৫) ও নিহত টিটু দাসের বাবা নেপাল চন্দ্র দাস (৬০)। এর মধ্যে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাসকে ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া বলেন, সোমবার রাতে তারা গ্রামের পাশের কাঁঠালীয়া নদীতে মাছ ধরতে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে তারা বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন ও তাদের দুই সহযোগী গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, গভীর রাতে বজ্রপাতে গুরুতর আহত অমূল্য চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবুল কায়েস আকন্দ বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন ও সৎকারের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি

