সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম সাতকানিয়ায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত যুবলীগ নেতার নাম দিদারুল ইসলাম (৩২)। তিনি উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া ৬নং ওয়ার্ডের পঞ্চায়েতবাড়ির রফিকুল ইসলামের ছেলে। দিদার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার আওয়ামী যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি ভাংচুর করলে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকে। ফলে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে গত ১৬ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় উপজেলার কেরানীহাট খুনীর বটতল এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে কক্সবাজার হতে আসা চট্টগ্রামগামী হানিফ চেয়ারকোচের একটি গাড়ি মোটর সাইকেল আরোহী যুবলীগ নেতা দিদারকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
যুবলীগ নেতা দিদার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা উত্তেজিত মহাসড়কে গাড়ি ভাংচুর করে। এ সময় প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ২০টির অধিক গাড়ি ভাংচুর করা হয়।
উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. ওসমান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত দিদারুল ইসলাম উত্তর সাতকানিয়া যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য।’
আরও পড়ুনঃ বিজিবির গুলিতে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন
হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা চালায়। পরে ঘাতক হানিফ চেয়ারকোচের গাড়িটি আটক করা হয়। গাড়িটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু

