অজয় রায়ের জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে জানাতে হবে: তাসমিমা হোসেন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:৫৬

সাবেক কমিউনিস্ট নেতা ও সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত অজয় রায় স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উন্মোচন করা হয়েছে। শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে কটিয়াদী উপজেলার নন্দীপুর গ্রামে প্রয়াত নেতার স্মরণে স্মৃতিস্তম্ভটি উন্মোচন করা হয়।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ উন্মোচন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুভা নাহিদ চৌধুরী ও স্থপতি রবিউল হোসাইন প্রমুখ। 

প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি বলেন, অজয় রায় মানবিকতায় বিশ্বাস করতেন। তার স্মৃতি রক্ষার্থে করণীয় গুলো প্রয়োজনে সবাইকে নিয়ে বাস্তবায়ন করা হবে। 

দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বলেন, অজয় রায় এই মাটির সঙ্গে মিশে যেতে চেয়েছিলেন। তিনি যে ভূমির সন্তান, সেই ভূমিতে তার দেহ মিশে আছে। অজয় রায় সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। এবার নতুন প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। সত্যিকারের মানুষ হতে হলে, সত্যিকারের সম্মান পেতে হলে অজয় রায়ের জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। আর এই দায়িত্ব শুধু অজয় রায়ের পরিবারে নয়- প্রতিটি মানুষকে এই দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন: পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

পরে ঐতিহ্যবাহী বনগ্রাম আনন্দকিশোর স্কুল এন্ড কলেজে আয়োজিত অপর এক অনুষ্ঠানে কৃতি ১৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ‘অজয় রায় স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়। 

ইত্তেফাক/অনি