তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য বর্তমান সরকার প্রযুক্তি শিক্ষার বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম’ কর্মসূচির আওতায় ডিজিটাল স্বপ্নপূরণে নাটোরের অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে বাগাতিপাড়া, লালপুর ও সিংড়া উপজেলার ৫জন ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের সকল উন্নত দেশ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করেছে। তাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী অদম্য ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করা হয়। এ পর্যন্ত ১ হাজার জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে। এ কর্মসূচী অব্যাহত থাকবে।’
পলক বলেন, নাটোরে স্থাপিত দেশের প্রথম শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টারে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও ইনকিউবিশন সেলগুলোর কার্যক্রম চলছে। ইনকিউবিশন সেলগুলোতে তরুণ উদ্যোক্তারা তাদের অনলাইন কার্যক্রমে সফল হচ্ছে। এই সফলতার সূত্র ধরে দেশের অবশিষ্ট ৬৩টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাটোরে দুইটিসহ দেশের ১০টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস প্রদানের পাইলট প্রকল্প সফল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের ৩২৯টি পৌরসভায় কোরিয়া-বাংলাদেশ যৌথ উদ্যোগে পৌরসভা ডিজিটাল সার্ভিস সেন্টার গড়ে তোলা হবে।’
আরও পড়ুন: নাটোরে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত, ৪ জন সদর হাসপাতালে ভর্তি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/নূহু

