মানিকগঞ্জে বিআরটিসি বাসের চাপায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৮:১৪

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের চাপায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৬০)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফলসাটিয়া এলাকার মৃত আব্দুর জলিল মিয়ার ছেলে। ঈদ মৌসুমে স্থানীয় হাট বাজার থেকে গরু কিনে বিকিকিনির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, আব্দুর রাজ্জাক পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। রাস্তা পারাপারের সময় ঢাকামুখী বিআরটিসি পরিবহনের একটি বাসের চাপায় দুর্ঘটনাস্থলে মারা যান তিনি।

আরও পড়ুন: মুলাদীতে ডেঙ্গু আক্রান্ত ১২ জন

দুর্ঘটনার পর মহাসড়কের বরংগাইল এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু