লালমনিরহাটের আদিতমারীতে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম রবি বর্মন (৪০)। ঘাতক রবি বর্মনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা নিজ বাড়ি থেকে নিহত পূর্ণিমা রানীর (৩০) মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, ১২/১৩ বছর পূর্বে রবি বর্মনের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের কৈমারী গ্রামের মৃত ধীরেন্দ্র নাথের মেয়ে পূর্ণিমা রাণীর। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে ছেলে-মেয়ে দুষ্টুমী করলে তাদের শাসন করে রবি বর্মন। রাতে বাড়ি ফিরে পুনরায় ছেলেমেয়েকে লাঠিপেটা করতে থাকে। এ সময় পূর্ণিমা এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার চেষ্টা করে রবি।
পরদিন সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে হত্যার আলামত পেয়ে স্বামী রবি বর্মনকে আটক করেছে।
এ ঘটনায় পূর্ণিমার বোন বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক স্বামী রবিকে গ্রেফতার দেখায় থানা পুলিশ।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গু রোগে গৃহবধূর মৃত্যু
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে, মুখে রক্ত দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু

