২০১৮ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় অবিশ্বাস্য হারে বেড়েছে। ২০১৭ সালে বিশ্বজুড়ে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ৪৪ জন, অথচ ২০১৮ সালে এ সংখ্যা ঠেকেছে ৫৫৬ জনে। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামে একটি সংস্থা এ হিসাব প্রকাশ করেছে। বিবিসি।
বিদায়ী বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারবাস কেড়ে নেয় ১৮৯ জনের প্রাণ। এটিই বছরের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।
নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানায়, ২০১৮ সালে মোট ১৫টি প্রাণঘাতি বিমান দুর্ঘটনা ঘটেছে।
এক নজরে ২০১৮ সালের আলোচিত বিমান দুর্ঘটনাগুলো—
১. অক্টোবরে ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হয় লায়ন-৭৩৭, নিহতের সংখ্যা ১৮৯ জন। কারণ যান্ত্রিক ত্রুটি।
২. কিউবায় জুলাইয়ে নিহত হয় ১১২ জন। কারণ পাইলটের ভুল।
৩. ফেব্রুয়ারিতে ইরানের পাহাড়ের ওপর বিমান ধসে পড়লে মারা যায় ৬৬ জন। কারণ অজ্ঞাত।
৪. মার্চে নেপালের কাঠমাণ্ডুতে বিধ্বস্ত হয় বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্স। নিহত ৫১ জন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ২০১৮ সালে দুর্ঘটনা বাড়লেও বিমান ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে। কেননা বিমান চলাচলের ইতিহাসে কম দুর্ঘটনা হওয়ার দিক থেকে ২০১৮ সাল ছিল নবম স্থানে।
আরও পড়ুনঃ নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন লিটন ও নিক্সন চৌধুরী
ইত্তেফাক/টিএস

