ভারতের রাজধানী দিল্লিতে এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অনেকে। মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেসে আজ ভোর ৪টা নাগাদ আগুন লাগে। দমকলের ২৬টি ইঞ্জিন আগুন নেভাতে কাজ করে। সকাল ৭ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবরে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও রেকর্ডে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে ছেয়ে গেছে চতুর্দিক।
পুলিশ জানায়, অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেখানকার স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে দমকল বাহিনী অনুমান করছে শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। হোটেলটির প্রায় ৪০টি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আরো পড়ুন: থাইল্যান্ডে প্রধানমন্ত্রী পদে রাজকুমারির প্রার্থিতা বাতিল
ইত্তেফাক/এসআর

