মেধাবী শিশু জন্মদানে ভারতে গোবর ও গোমূত্রের ওষুধ!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫

অত্যন্ত মেধাবী ও স্বাস্থ্যবান শিশু জন্ম দিতে গরুর গোবর এবং মূত্র দিয়ে ওষুধ তৈরি করছে ভারত। দেশটির আয়ুশ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে সরকারি প্রতিষ্ঠান ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’ এই ওষুধ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে। ৫ সেপ্টেম্বর এমন একটি প্রতিবেদন প্রকাশ করে দিল্লির সংবাদমাধ্যম ‘দ্যা প্রিন্ট’। 

প্রতিবেদনে বলা হয়, ওষুধটির নাম দেওয়া হয়েছে ‘পঞ্চগব্য’। এটি নিয়ে কামধেনু আয়োগের কর্মকর্তারা দাবি করছেন, গর্ভবতী মহিলারা নিয়মিত এই ওষুধ সেবন করলে স্মার্ট, বুদ্ধিমান এবং স্বাস্থ্যবান শিশুদের জন্ম দিতে সক্ষম হবে।

রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লবভাই কাঠিরিয়া সংবাদমাধ্যমকে বলেন, গরুর গোবর, মূত্র, দুধ, ঘি এবং দই মিশিয়ে প্রসূতিদের জন্য এই বিশেষ ওষুধ তৈরি হবে। শাস্ত্র ও আয়ুর্বেদেও এই পঞ্চগব্যের কথা বলা আছে।

তিনি আরো বলেন, আয়ুশ মন্ত্রণালয় ও নবগঠিত প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই ওষুধ তৈরির ক্ষেত্রে ক্ষুদ্র, ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চাইবে। তাদের মাধ্যমে এটি বাজারজাত করা হবে। একই সঙ্গে ওষুধটি উৎপাদনের পর কামধেনু আয়োগ গ্রামে গ্রামে বৈদ্য নিয়োগ দেবে। তারা প্রসূতি নারীদের এই ওষুধ সেবনের পরামর্শ দেবেন।

গরু সুরক্ষা, বিকাশ এবং সংরক্ষণের জন্য গত ফেব্রুয়ারিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় আয়োগ গড়ে তোলে নরেন্দ্র মোদী সরকার।

এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অশ্বিনী চৌবে বলেছেন ক্যান্সার নিরাময়ের জন্য গো-মূত্র ব্যবহার করে ওষুধ বানানো হচ্ছে। বর্তমানে আয়ুশ মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। 

ইত্তেফাক/জেডএইচ