কয়েক মাস আগে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার পর্তুগিজ এই সুপারস্টারের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। যেখানে রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে শিগগিরই যুক্তরাষ্ট্রে আসার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একইসঙ্গে একটি এআই দিয়ে তৈরি ভিডিও যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ওভাল অফিসের ভেতরে রোনালদোর সঙ্গে ফুটবল খেলছেন ট্রাম্প।
রোনালদোকে যুক্তরাষ্ট্রে আসতে বলার দুটি কারণ থাকতে পারে বলে জানিয়েছে বিদেশি গণমাধ্যম। প্রথমত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের আসর বসবে। সে উপলক্ষ্যে রোনালদো যেন দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে যান। দ্বিতীয়ত, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার আহবান পেতে পারেন বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলা এই তারকা।
এর আগে গত বছরের নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন রোনালদো। সেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল মুহূর্তের ছবি যুক্ত করেন তিনি। ওই পোস্টে রোনালদো লেখেন, ‘আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ফার্স্ট লেডি (মেলানিয়া ট্রাম্প) এবং আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেই অর্থবহ কিছু দিতে পারি এবং আমি নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রক্রিয়ায় অংশ হতে প্রস্তুত, যারা সাহস, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করবে।’

