‘কাশ্মীর কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পপ গানের তালে নেচেছিলেন বলে দাবি করেছেন পাঞ্জাবী পপ তারকা হুমাইরা আরশাদ। গত রোববার পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর (জেএইচকিও) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমাইরা। পরে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র।
জানা গেছে, কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ‘কাশ্মীর কালো দিবস’ পালন উপলক্ষে গত রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে জেএইচকিও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবী পপ তারকা হুমাইরা আরশাদ। এসময় সেনাবাহিনীর মৌলিক শৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পপ গানের সাথে নাচতে দেখা গেছে পাক ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
আরও পড়ুন: টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ, টেস্টে মুমিনুল
হুমাইরা আরশাদ এক টুইট বার্তায় এ ঘটনা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ইসলামাবাদ। পরে চাপের মুখে টুইটার বার্তাটি মুছে ফেলেন হুমাইরা।
উল্লেখ্য, কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসে ‘কাশ্মীর কালো দিবস’ পালনের ঘোষণা দিয়েছিলেন ইমরান খানের সরকার। এ উপলক্ষে ১৫ আগস্ট পাকিস্তানের বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশের প্রায় সব এলাকায় বিক্ষোভ ও র্যালি বের হয়। দেশজুড়ে সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ইত্তেফাক/এসইউ
