ভারতে গরু বাঁধা নিয়ে তর্ক, যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১১:২৫

বাড়ির বাইরের রাস্তায় গরু বাঁধা নিয়ে তর্কের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে ভারতের মালদায়।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মালদার মোথাবাড়ির পঞ্চানন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলক টোলা গ্রামে শনিবার সন্ধ্যা নাগাদ বাড়ির বাইরে বাঁশের খুঁটিতে নিজের গরু বাঁধছিলেন অজয় কুমার দাস।  

সে সময় মদ খেয়ে বাড়ি ফিরছিল চিরঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি। রাস্তার ধারে কেন গরু বাঁধা হচ্ছে তা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। 

অভিযোগ, এরপর চিরঞ্জিত গ্রামের আরও ৬ জনকে নিয়ে এসে চড়াও হয় অজয়ের বাড়িতে। অজয়কে বাড়ি থেকে টেনে বাইরে নিয়ে এসে বেধড়ক মারধর শুরু করে তারা। গুরুতর জখম অবস্থায় অজয় কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে মৃত্যু হয় তার।

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। খবরে বলা হয়েছে, চিরঞ্জিত ও তার ৬ সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

ইত্তেফাক/এসআর