অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

অস্ট্রেলিয়ায় তীব্র গরমের পূর্বের রেকর্ড ছাড়িয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দেশটির গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। খবর দ্য নিউ ডেইলি’র

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দক্ষিণ অস্ট্রেলিয়ার রিভারল্যান্ড ও অ্যাডিল্যাড শহরে তাপমাত্রা হতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। শনিবার নাগাদ সিডনির তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দেশটির রাজধানী ক্যানবেরার তাপমাত্রা হতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: নাগরিকত্ব আইনের স্থগিতাদেশ নয়, ব্যাখ্যা চেয়েছে উচ্চ আদালত

অস্ট্রেলিয়া গত কয়েক মাস যাবৎ তীব্র খরা ও ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। দাবানলে এখন পর্যন্ত ছয় জন প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা খারাপ কিছুর বার্তা দিচ্ছে, কেননা বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের গড় তাপমাত্রা যেখানে ২০ ডিগ্রি সেলসিয়াস থাকে সেখানে চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে যাচ্ছে। 

ইত্তেফাক/এসইউ