বাকৃবিতে আবদুল মান্নান স্মরণে শোক র‌্যালি ও সভা অনুষ্ঠিত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:৫৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেট সদস্য ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য কৃষিবিদ মরহুম আবদুল মান্নান স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা সাড়ে১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে একটি শোক র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আবদুল মান্নান ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক। বাংলার কৃষির উন্নয়নের জন্য তিনি সর্বদা কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষকদের পাশে থেকেছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতেন সবসময়। বাকসুর সহ-সভাপতি থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি কৃষিবিদদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান

শোক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল সাত্তার মন্ডল, কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, আব্দুল মান্নান সহধর্মিণী সাহাদারা মান্নান ও তার সন্তান সাখাওয়াত হোসেন সজল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোক সভায় আবদুল মান্নানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও কোরআন থেকে তেলাওয়াত করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
 
ইত্তেফাক/আরআই