শিগগিরই দেখা হচ্ছে: ট্রাম্পকে মোদি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২১

ভারত আপনার আগমনের অপেক্ষায়। আহমেদাবাদে শিগগিরই দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত আগমনের আগে এই টুইট করেছেন নরেন্দ্র মোদি। 

এর আগে গতকাল প্রেসিডেন্ট ভারত সফরের উদ্দেশে রওনা দেওয়ার টুইটে ট্রাম্প বলেছেন, মেলানিয়াকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করলাম! 

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই  টুইটের জবাবে মোদি উত্তর জানিয়েছেন। টুইটে মোদি আরও লিখেছেন, আপনার এই সফর অবশ্যই আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে চলেছে।    

ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আজ সোমবার ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

গুজরাটের আহমেদাবাদ থেকে শুরু করে আগ্রা হয়ে নয়াদিল্লিতে ৩৪ ঘণ্টার ঝটিকা সফর করবেন তিনি। ট্রাম্পের এই সফর ঘিরে উচ্ছ্বসিত ও আয়োজনে ব্যস্ত নরেন্দ্র মোদির সরকার। 

ভারত সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি থাকবেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার।

ডোনাল্ড ট্রাম্পের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ দিল্লি নয় বরং আজ দুপুর ১২টা নাগাদ আহমেদাবাদের সরদার বল্লভভাই বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানাবেন।

ইত্তেফাক/এসআর