‘মাস্ক কেনা বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রের আপামর জনসাধারণের কাছে ছোট্ট এই অনুরোধ জানিয়েছেন দেশটির সার্জন জেনারেল জেরোম অ্যাডামস। শনিবার এই চিকিৎসকের করা একটি টুইট বার্তার এমন অনুরোধের কথা একটি প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ওই টুইটে তিনি লিখেছেন, 'আসলেই, ফেস মাস্ক কেনা বন্ধ করুন!'
সম্প্রতি করোনাভাইরাস নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন মার্কিনীরা। সেই আতঙ্ক থেকেই লাইন ধরে মাস্ক কিনছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। ফলে দেশটিতে কাজ করা স্বাস্থ্যকর্মীরা সেবাদানের ক্ষেত্রে পড়ছেন মাস্ক ঘাটতিতে।
ওই টুইটে তিনি আরো লেখেন, 'এটা (মাস্ক) সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস ছড়ানোকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারবে না। বরং অসুস্থদের সেবা-যত্নের জন্য স্বাস্থ্য সেবাদাতারা যদি এগুলো (মাস্ক) না পান, তবে তা তাদের ও আমাদের সমাজকে ঝুঁকিতে ফেলবে।'
Seriously people- STOP BUYING MASKS!
— U.S. Surgeon General (@Surgeon_General) February 29, 2020
They are NOT effective in preventing general public from catching #Coronavirus, but if healthcare providers can’t get them to care for sick patients, it puts them and our communities at risk!
https://t.co/UxZRwxxKL9
ডা. অ্যাডামস জানান, মাস্ক নয়, বরং হাত ধোয়া, অসুস্থ বোধ করলে ঘরে থাকা এবং প্রতিদিনকার প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়াই করোনাভাইরাস থেকে সুরক্ষার উত্তম উপায়।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে চীনে প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন প্রায় ২হাজার ৮শ' ৭০জন। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/জেডএইচডি
