ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আগুন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ দিকের শহর মালিবুর বাড়ি ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে এসেছিলেন হলিউডের নামী গায়িকা লেডি গাগা। সে সময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি। তাতেই দেখা যাচ্ছে, মাথার উপরে ঘূর্ণির মতো ফুঁসছে কালো ধোঁয়া।
একই অবস্থা কিম কার্দাশিয়ান, উইল স্মিথ-সহ একাধিক হলিউড তারকার। মালিবুতে একাধিক তারকার বসবাস। সেই শহরই এ বার দাবানলের কবলে। মার্কিন প্রশাসন জানায়, এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ভয়াল অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৪ জনের।
টুইটারে লেডি গাগা লিখেছেন, ‘আপনাদের অনেকের মতো আমারও দুশ্চিন্তা হচ্ছে এটা ভেবে যে আমার বাড়িও কি তাহলে জ্বলেপুড়ে ছাই হয়ে গেল? একসঙ্গে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের।’ কিমের কথায়, ‘শুনেছি আমাদের বাড়িও আগুনের গ্রাসে চলে গিয়েছে। ...সকলে যেন নিরাপদে থাকেন সে জন্য প্রার্থনা করছি।’ এ মুহূর্তে লাস ভেগাসে অনুষ্ঠান করছেন গায়িকা চের। তাঁর টুইটেও সেই একই রকম আক্ষেপ, ‘মালিবুর কোনও অস্তিত্ব নেই আর এ যেন ভাবতেই পারছি না।’ অস্কায়জয়ী পরিচালক গিলেরমো দেল তোরো আবার ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, গত রাতেই মালিবু ছেড়ে চলে এসেছেন তিনি।
তবু প্রশাসনের মতে মালিবুর অবস্থা অনেকটাই ভালো। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরের প্যারাডাইস শহরের। প্রায় কিছু মাত্র অবশিষ্ট নেই ওই এলাকার। সবক’টি মৃত্যুই ওখানে হয়েছে। সব মিলিয়ে গোটা ক্যালিফোর্নিয়ার প্রায় আড়াই লক্ষ বাসিন্দা ঘরছাড়া। শুধু প্যারাডাইসেই ৬৭০০টি বাড়ি ও ব্যবসায়িক কাজকর্মের জায়গা পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা কার্যত নীরব দর্শকের ভূমিকায়। আগুন নেভানো সম্ভব নয় জেনে তাঁরা যথাসম্ভব উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। কিন্তু আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে পারেননি নিজেদের বাড়ি।
ইত্তেফাক/টিএস
