সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও পাঁচশ শয্যার হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তে পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে। খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দেশ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ল্যাবের উদ্বোধন শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজারে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আরও পড়ুন: ছাত্রীর মেসেঞ্জারে প্রধান শিক্ষকের প্রেম নিবেদনের অভিযোগ
মেডিকেল কলেজটির একাডেমিক ভবনের ৫ম তলায় স্থাপিত পিসিআর ল্যাবটি উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মেডিকেল কলেজ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম হাসান আলী হাসান প্রমুখ।
ইত্তেফাক/এসি
