শিবচর সহকারী পুলিশ সুপার কার্যলয়ের ১ পুলিশ করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ মে ২০২০, ১৪:৩৮

শিবচরের সহকারী পুলিশ সুপার কার্যলয়ের এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্যর সংস্পর্শে আসা ৬ জন পুলিশ সদস্যসহ সহকারী পুলিশ সুপার কার্যালয়ের অধিকাংশ পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শিবচরের সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত এক পুলিশ সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এনিয়ে শিবচরে করোনা ভাইরাস আক্রান্ত হলো ২৮ জন। যাদের মধ্যে ৩ জন মারা গিয়েছে। 

গত ২৫ মে শিবচর পল্লী বিদ্যূৎ কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী সিনহা খসরু (৫২) করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তার স্ত্রী ও ২ ছেলেকে উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগের দিন ২৪ মে একই উপজেলার মাদবরচর ইউনিয়ন পরিষদের সচিব করোনা সনাক্ত হয়েছে। ওই ইউপি সচিরের সংসম্পর্শে আসা এক শিক্ষা কর্মকর্তা, এক ইউপি চেয়ারম্যান, ৬ ইউপি সচিবসহ ৩০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যর করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতেন। কিভাবে আক্রান্ত হলো তা বুঝা কঠিন। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বিস্তারিত আমার পুলিশ সুপার স্যার বলতে পারবে। 

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, মাদারীপুরে প্রথম একজন পুলিশ সদস্য করোনা পজেটিভ হয়েছে। আমরা তার যথাযথ চিকিৎসা নিচ্ছি। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এবং তার সংস্পর্শে যারা ছিল তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে। সে সুস্থ আছে। তার ভিতরে কোন সিমটম নেই। আশা করি অল্পকিছুদিনের মধ্যে সে আমাদের মাঝে ফিরে আসবে।

ইত্তেফাক/বিএএফ