আফগানিস্তানে সোনার খনিতে ধস নেমে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার সকালে আফগানিস্তানের বাদাখাসন প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
আফগান সংবাদমাধ্যম জানায়, সোনার খোঁজে ২০০ ফুট গভীর টানেল তৈরি করেছিলো স্থানীয় গ্রামবাসীরা। রবিবার সকাল এগারোটার দিকে ভেতরে প্রবেশ করার পরই খনিতে ধস নামে। সেখানে চাপা পড়ে মারা যান ৩০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সকলেই অদক্ষ শ্রমিক। খনির পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা।
বাদাখাসন প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি জানান, গ্রামবাসীরা দশকের পর দশক ধরে এই কাজে জড়িত। তাদের উপর কোন সরকারি নিয়ন্ত্রণ নেই।
ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর দুটি দল পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে ৬৬০ ডলার (আফগান টাকায় ৫০ হাজার) আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।

পর্বতে ঘেরা বাদাখাসন প্রদেশের একদিকে তাজাখিস্তান অন্যদিকে চীন ও পাকিস্তানের সীমান্ত। এলাকাটি অত্যন্ত ধসপ্রবণ। বিশেষ করে শীতের সময় তুষারপাত এই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ সৌদি আরবে নতুন বিয়ে বিচ্ছেদ আইন চালু
খনিজ পদার্থে সমৃদ্ধ আফগানিস্তানে এই সব খনির উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। বেশিরভাগ খনি তালেবানদের দখলে। এই খনিগুলোই তাদের বিপুল অর্থের উৎস।
ইত্তেফাক/টিএস
