এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি থেকে বেঁচে ফিরে উড়োজাহাজে উঠবেন না বলে ঘোষণা দিয়েছেন আহত যাত্রী জুনায়েদ। ওই ঘটনায় ভিষণ ভয় পেয়েছেন জানিয়ে বিধ্বস্ত বিমানের যাত্রী জুনায়েদ বলেন, 'আমি আর কখনো উড়তে চাই না'।
জানা যায়, করোনা ভাইরাস মহামারির কারণে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে ফিরছিলো বিমানটি। বিমানটিতে দুই পাইলট ও বিমানকর্মীসহ মোট ১৯০ জন আরোহী ছিলেন। ওই দুর্ঘটনায় দুই পাইলটসহ মোট ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমান দুর্ঘটনায় আহত যাত্রী জুনায়েদ জানান, পুরো দুর্ঘটনাটি ঘটেছে মাত্র ১৫ সেকেন্ডে।
তিনি বলেন, বিমানটি রানওয়ে স্পর্শ করার পর বৃষ্টিজনিত খারাপ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিমানটির গতি কমে আসার পরিবর্তে বাড়তে থাকে। পরে বিমানটি দ্বিখণ্ডিত হয়।
প্রায় তিন বছর যাবত দুবাইয়ের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন ২৫ বছর বয়সী জুনায়েদ। তিনি জানান, করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে তার বস তাকে তিন/চার মাসের ছুটি নিতে বলেন। তার বস বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দুবাইতে ফিরবে। এজন্য বিমানে দেশে ফিরতে তাকে ৮৮০ দিরহাম খরচ করতে হয়েছে।
এদিকে, করোনার মহামারি শুরু হলে তাকে গত মে মাস থেকে অর্ধেক বেতন দেওয়া হচ্ছিল। কারণ প্রাইভেট ফার্মটিও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের ধনী তালিকায় চতুর্থ ভারতীয় ‘মুকেশ অম্বানী’
তিনি বলেন, সব কিছুর পরও আমি পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করতে ব্যস্ত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাকে এ বিপদের মধ্যে ফেলেছে। রয়টার্স।
ইত্তেফাক/আরআই
