রাজস্থানে কংগ্রেস সরকারই টিকে থাকলো

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৩:৪৫

ভারতের রাজস্থানে অবশেষে কংগ্রেস সরকারই বহাল থাকলো। গতকাল শুক্রবার বিধানসভার অধিবেশনে আস্থাভোটে জিতে জয়পুরের সিংহাসন নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

কণ্ঠ ভোটে আস্থা জয়ের পরে মুখ্যমন্ত্রী গহলৌত বলেন, আমরা আজ ঐক্যবদ্ধ ভাবে বিজেপির চক্রান্ত ভেস্তে দিয়েছি। আস্থাভোটের পরই স্পিকার সি পি জোশী আগামী ২১ আগস্ট পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন। বিদ্রোহে ইতি টেনে সচিন পাইলটসহ ১৯ জন কংগ্রেস বিধায়কের ‘ঘর ওয়াপসি’র পরেই বিধানসভায় শক্তিপরীক্ষার ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল।

তবে বিজেপির পক্ষে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণার পরে অশান্তির আশঙ্কা তৈরি হয়। বিধায়কেরা যাতে চেয়ার তুলে ছোড়াছুড়ি করতে না পারেন সেগুলো শক্ত করে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছিল! ২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১০১ বিধায়কের সমর্থন প্রয়োজন। সচিনরা ফিরে আসার পরে অন্তত ১২২টি ভোট পাওয়ার বিষয়ে নিশ্চিন্ত কংগ্রেস শিবির। -আনন্দবাজার পত্রিকা