যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের পর কিছুদিন নীরব থাকলেও অবশেষে সম্ভাব্য ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে চীন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তার বক্তব্যে বলেন, আমরা আমেরিকার মানুষের পছন্দকে সম্মান করি। আমরা বাইডেন ও মিজ হ্যারিসের প্রতি আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি।
চীন-মার্কিন সম্পর্ক এই দুই দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ বাকি বিশ্বের জন্যও। সাম্প্রতিক সময়ে বাণিজ্য, করোনাভাইরাস মহামারি ও গুপ্তচরবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অস্থিরতা বেড়েছে।
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়াও এখন পর্যন্ত অভিনন্দন জানায়নি।
চার বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন তাকে অভিনন্দন জানানো প্রথম কয়েকজন রাষ্ট্র নেতার মধ্যে ছিলেন ভ্লাদিমির পুতিন।
তবে এবার জো বাইডেনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো টুইট, টেলিগ্রাম বা ফোন কলও করেননি রুশ প্রেসিডেন্ট।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, "আমাদের বিশ্বাস, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করাটাই সঠিক কাজ।"
শনিবার মার্কিন সংবাদ মাধ্যমগুলো জো বাইডেনের নির্বাচনে জয়ের পূর্বাভাস সম্পর্কে খবর প্রকাশ করা শুরু করার পর থেকে বিভিন্ন রাষ্ট্রের নেতারা মি. বাইডেনকে ফোন করে অভিনন্দন জানানো শুরু করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য কোনো ধরণের প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য ভিত্তিক কয়েকজন নির্বাচন কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের ঐ দাবি বাতিল করে দেন। তারা মন্তব্য করেন যে ভোটগ্রহণ 'আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিরাপদ' ছিল। বিবিসি
ইত্তেফাক/এসআর
